স্থবিরতার কাব্য

প্রস্তরমানুষ আমি, বুকে গাঁথা হয়
রক্তিম শিলালিপি, বয়ে যায় অনন্ত সময়
প্রতীক্ষায়

Saturday, February 24, 2018

শেষ স্বপ্ন

(২০/১১/২০১৭)

স্বপ্ন ছিল, মানুষ হয়ে মানুষের পাশে বাঁচার,
মানুষের মত করে।
আজ আমার চতুর্দিকে দেখি শুধু সরীসৃপ।
কেউ সাদা, কেউ কালো, কেউ বা হলুদ;
কিন্তু রক্ত সবার বরফশীতল
লকলকে চেরা জিভগুলো বেয়ে সবার গড়িয়ে পড়ছে
সবুজাভ তীব্র বিষ।

জল আনতে গিয়ে দেখি, নদী নেই,
পচে গলে যাওয়া কালো পাঁকের মধ্যে কিলবিল করে সরীসৃপ।
ছায়া খুঁজতে গিয়ে দেখি, গাছ নেই,
কেটে ফেলে দেওয়া গুঁড়ির ওপর ফণা তুলে দাঁড়ায় সরীসৃপ।
বাড়ি ফিরতে গিয়ে দেখি, ঘর নেই,
প্রেয়সীর ছেড়ে যাওয়া রাতপোশাকের ভাঁজে আজ কুন্ডলী পাকায় সরীসৃপ।
আতঙ্কে পালাতে চাই;
পালাতে যাই
খোলা ম্যানহোলের গর্ত থেকে বীভৎস হাঁ করে বেরোয় সরীসৃপ।
এক ছোবল
দুই ছোবল
তিন ছোবল

বেহুলা একলা ভেলা ভাসিয়ে সেই কবে গেছে চলে;
বুক ভর্তি বিষ নিয়ে
আজ তাই মৃত্যুর প্রহর গুনি;
মুক্তির প্রহর গুনি
বিষে নীল হই
বিষে নীল হতে হতে জীবনের শেষ স্বপ্ন দেখে যাই
এই প্রাগৈতিহাসিক শহরের বুকে নিঃশব্দে নেমে আসছে

এক আদিগন্ত রক্তিম ভিস্যুভিয়াস  

No comments:

Post a Comment